অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি চুরি

অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের জাতীয় নেতা মহাত্মা গান্ধীর একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান-ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ৪২৬ কেজি ওজনের এই মূর্তিটি চুরি হয়।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত সোমবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একটি সাদা ভ্যানে করে আসা তিন মুখোশধারী চোর এই চুরির সাথে জড়িত। তারা একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে মূর্তিটি গোড়া থেকে কেটে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মূর্তির শুধুমাত্র পায়ের তালুর অংশটি সেখানে পড়ে আছে।

মূর্তিটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর ভিক্টোরিয়া পুলিশের নক্স ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত শুরু করেছে। পুলিশ ইতোমধ্যে স্থানীয় ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করেছে, যেন কেউ ভাঙা ব্রোঞ্জ বিক্রি করতে আসলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। তবে স্থাপনের ২৪ ঘণ্টার মধ্যেই এটি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দ্বারা ভাঙচুর করা হয়। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাবের প্রেক্ষাপটে এই চুরির ঘটনাটি পুনরায় সামনে এলো।

Leave a Comment

Scroll to Top