কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াতে ইসলামীর; প্রকাশিত নির্বাচনী ইশতেহার

অফিসের সময় কমছে নারীদের জামায়াতের নির্বাচনী ইশতেহারে বড় চমক!

বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলের আমির শফিকুর রহমান এই ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে কর্মজীবী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। জামায়াত আমির জানান, নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের। নতুন এই প্রস্তাবনা অনুযায়ী, একজন নারী শ্রমিক বা কর্মী প্রতিষ্ঠানে যত ঘণ্টা কাজ করবেন, তার মজুরি মালিকপক্ষ দেবে এবং অবশিষ্ট সময়ের আর্থিক দায়ভার সরকার গ্রহণ করবে। এছাড়া গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ‘আমার আয়ের সংসার’ নামে একটি প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে, যার মাধ্যমে সেলাই, হস্তশিল্প ও ফ্রিল্যান্সিংয়ের মতো কাজে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

রাষ্ট্র পরিচালনায় জামায়াত মোট ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপসহীন রাষ্ট্র গঠন, যুবকদের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ বিনির্মাণ এবং সমানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার প্রবর্তন। এছাড়া ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

অনুষ্ঠানে বিগত সাড়ে ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতি চারণ করে শফিকুর রহমান বলেন, তারা দীর্ঘ সময় নিপীড়নের শিকার হয়েছেন। ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে শফিকুর রহমান নিজেকে একজন ‘আহত সৈনিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, তার চরিত্র হননের জন্য চারদিক থেকে ‘মিসাইল’ নিক্ষেপ করা হচ্ছে। তবে তিনি কাউকে পাল্টা আক্রমণ না করে সবাইকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে ১১-দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Scroll to Top