আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে মাঠ পর্যায়ের রাজনীতি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আজ দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামে এক উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি স্পষ্ট ঘোষণা দেন, আগামী ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই এলাকায় চাঁদাবাজদের অধ্যায় চিরতরে শেষ হয়ে যাবে। হাসনাত আবদুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চাঁদাবাজের স্থান তার সাথে হবে না এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তিনি নিজ পিতাকেও ছাড় দেবেন না।
নির্বাচন এবং ঋণখেলাপিদের বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এনসিপি-র এই প্রার্থী। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক অবস্থানের কারণেই আসন্ন নির্বাচনে কোনো ঋণখেলাপি অংশ নিতে পারবে না। বিগত ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বারবার অনিয়ম করে পার পাওয়া সম্ভব নয়। যারা জনগনের হক নষ্ট করেছে, তাদের শাস্তির আওতায় আসতে হবে।
উল্লেখ্য, আজ সকাল থেকেই দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ, মোহনপুর, জাফরাবাদ ও বাহ্মনখাড়া এলাকায় জোটের নেতাদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালান হাসনাত আবদুল্লাহ। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী ৫ বছর জনসেবার মাধ্যমেই তিনি জনগণের মাঝে বেঁচে থাকতে চান।













